এবারই হয়তো আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

এবারই হয়তো আমার শেষ নির্বাচন:  মির্জা ফখরুল
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫ ১৭:৩১

আপডেট: ৪ নভেম্বর, ২০২৫ ১৮:৩৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শেষ নির্বাচন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

মির্জা ফখরুল তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে বলেন, মহান আল্লাহ'র রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং দলের সব নেতা ও নেত্রীকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। দলের সব কর্মীকে জানাই আন্তরিক ধন্যবাদ, আজীবন আমার সঙ্গে থাকার জন্য।

তিনি আরও ব্যক্তিগত কিছু স্মৃতিকথা তুলে ধরে বলেন, আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে, অনেকেই তা জানে না। আমি যখন ১৯৮৭ তে সিদ্ধান্ত নেই, আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিল, ঢাকায় পড়ত। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিল, সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল, বুঝতে পারছিল কী ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছি। আমার মেয়ে দুটোর হাত ধরে সে নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে। মনে পরে আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারা রাত গাড়িতে ছিলাম ঢাকার পথে, যাতে মেয়ের পাশে থাকতে পারি। এত কষ্ট হচ্ছিল, আমি ছিলাম মসজিদে যখন তার অপারেশন হচ্ছিল। গল্পগুলো অন্য কোনো দিন বলব যদি আল্লাহ চান। এ রকম গল্প আমাদের হাজার নেতাকর্মীর আছে।  

 

তিনি বলেন, এই নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পাননি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে।

আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করব, ইনশাআল্লাহ।