ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা: ছাত্রলীগ নেতা সাজেদ রিমান্ডে

ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা: ছাত্রলীগ নেতা সাজেদ রিমান্ডে
প্রতিকী ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫ ১৭:৫৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নিউমার্কেট থানার সাবেক সাধারণ সম্পাদক সাজেদ হাসান ফাহাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

বুধবার তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকায় আসামিদের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।

বাসস।