চট্টগ্রামে গণসংযোগে গুলি: বিএনপি কর্মী নিহত, প্রার্থী গুলিবিদ্ধ

চট্টগ্রামে গণসংযোগে গুলি: বিএনপি কর্মী নিহত, প্রার্থী গুলিবিদ্ধ
বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহ। ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫ ২০:২১

আপডেট: ৫ নভেম্বর, ২০২৫ ২২:০২

চট্টগ্রাম-৮ আসনে গণসংযোগকালে গুলিতে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। এ সময় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহসহ আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বায়েজিদ থানার চাইলত্যাতলীতে গণসংযোগকালে এ ঘটনা ঘটে। 

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান এ তথ্য জানান।

স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এ সময় গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিক ভাবে সে তথ্য জানা যায়নি। এ সময় আরও দুই/তিন জন গুলিবিদ্ধ হয়েছেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল বলেন, 'নগরীর ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে নির্বাচনী সভা করছিলেন এরশাদ উল্লাহ। সভা শেষ করে তিনি সেখানে একটি মসজিদে মাগরিবের নামাজ য়াদায় করেন। মসজিদ থেকে বের হওয়ার পর তিনি হেঁটে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে অতর্কিত গুলি করে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, 'ঘটনাস্থলে পুলিশ আছে। আমি হাসপাতালে যাচ্ছি। তবে কারা গুলি করেছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।'

দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এরশাদ উল্লাহ। তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন। এরশাদ উল্লাহ'র ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করছেন।