দেশে যত সংকট দেখছেন, সবই তৈরি করা নাটক: মির্জা ফখরুল

দেশে যত সংকট দেখছেন, সবই তৈরি করা নাটক: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫ ১৭:২১

আপডেট: ১০ নভেম্বর, ২০২৫ ১৬:৫২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে যত সংকট দেখছেন, সবই তৈরি করা নাটক। জনগণ এসব বোঝে না। তারা শুধু ভোট দিতে চায়- আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এ সরকার জনগণের নয়, জনগণের দুঃখ-কষ্ট তারা বোঝে না।’ 

রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি তুলেছে এনসিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশসহ সহমনা রাজনৈতিক দলগুলো। তবে এসব দাবির গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। 

তিনি বলেন, ‘গণভোট হতে হবে নির্বাচনের দিনেই। গণভোট-সনদ কি আমরা বুঝি? জনগণ এসব বোঝে না। এগুলো বোঝে শিক্ষিত মানুষ। সব ধরনের সংস্কারে রাজি আছি, তবে যা মেনে নেব না- তা সংসদে গিয়ে পাস হবে।’  

আসন্ন নির্বাচনে ভোট চেয়ে মির্জা ফখরুল বলেন, ‘দাঁড়িপাল্লা চেনেন তো আপনারা, দাঁড়িপাল্লাও এখানে নির্বাচন করছে। ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদের বেছে নিতে হবে। এটা আমার শেষ নির্বাচন। এরপর আর নির্বাচন করার শক্তি থাকবে না। তাই আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে সহযোগিতা করবেন।’