আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না: হাসনাত

আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না: হাসনাত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫ ১৮:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, '২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক। আমাদের সামনে ভাবতে হবে। কিন্তু আমরা দেখেছি টকশোতে বিভিন্ন ভাবে যারা আওয়ামী লীগের ল্যাসপ্যান্সার ছিল, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, তাদের পেইড কিছু বুদ্ধিজীবী আছে, যাদের ভাড়ায় খাটানো যায়। সেসব মানুষ আওয়ামী লীগের পক্ষে এতদিন বৈধতা উৎপাদন করেছে। কিন্তু গত দুই দিনের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না।'

মঙ্গলবার বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের একটি ভবনে এনসিপির কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, 'জাতীয় ঐক্যমতের প্রশ্নে আমরা সবসময় ছাড় দিয়ে আসছি। নির্বাচনকে ঘিরে আমাদের পূর্ণাঙ্গ প্রার্থী প্রাথমিক ধাপে নভেম্বরের প্রথম তিন সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে।'

তিনি বলেন, 'সংস্কারের পক্ষের শক্তিগুলো আমাদের সঙ্গে আসতে চাইলে তাদের নিয়ে জোট গঠন করা যেতে পারে। সংস্কারের পক্ষে যে রাজনৈতিক দলগুলো আসতে চায় নির্বাচনে আমরা তাদের স্বাগতম জানাই।'

এনসিপির এই নেতা বলেন, 'এই যে আগুন, সন্ত্রাস, জ্বালাও-পোড়াও এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করছে এটা সুস্পষ্ট হয়ে গিয়েছে গত দুই দিনের কার্যক্রমে। আওয়ামী লীগের পতন নিয়মতান্ত্রিক ভাবে ব্যালটের মাধ্যমে হয়নি, আওয়ামী লীগের পতন হয়েছে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। গণঅভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে জনতার ম্যান্ডেট।'

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি তুহিন খান প্রমুখ।