বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, 'গত ১৭ বছর ছিল এক কঠিন সময়। বাংলাদেশের মানুষের ওপর আওয়ামী লীগ সরকার যে অত্যাচার-নির্যাতন করেছে তার তুলনা বিশ্বের কোথাও নেই। এই বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক শেখ হাসিনা। তিনি বিনা ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন।'
শনিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে সরকারি শাহবাজপুর কলেজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ভোলা-৩ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে (বীরবিক্রম) এই গণসংবর্ধনা দেওয়া হয়।
তিনি বলেন, 'শেখ হাসিনা সরকার যেসব উন্নয়ন প্রকল্প নিয়েছিল সেসব প্রকল্পের কাজ না করে অর্থ লুণ্ঠন করেছে, লুটকৃত অর্থ বিদেশে পাচার করেছে। এতে বোঝা যায় তখন দেশে উন্নয়নের নামে কী পরিমাণ লুটপাট হয়েছে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের স্বার্থে রাজনীতি করে। বিএনপি ক্ষমতায় থাকলে দেশ ও জনগণের উন্নয়ন হয়। তাই আগামী নির্বাচনে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।'
এর আগে প্রায় ৬ কিলোমিটার লম্বা পদযাত্রায় অংশগ্রহণ করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। পদযাত্রায় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত থেকে তাকে স্বাগত জানান।
উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহিন, সফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: