বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাই রাষ্ট্র কাঠামো গঠনের সার্বজনীন দিক নির্দেশনা। বিএনপির এই ৩১ দফার মধ্যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে দেশকে গড়ে তুলতে হবে।'
শনিবার বিকেলে কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার লালমাই স্কুল মাঠে ৩১ দফা বাস্তবায়নে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মনিরুল হক বলেন, 'বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে ৫০০ বছরের ইতিহাসে এমন নিরহংকার, নির্ভেজাল ভাবে দেশের কল্যাণে কেউ যদি কোনো দফা দিয়ে থাকে সেটা হলো তারেক রহমানের ৩১ দফা। এই দফায় রাষ্ট্র গঠনের সার্বজনিন দিক, সমাজের কৃষক, নাপিত, দিনমজুরের অধিকার থেকে শিক্ষা, কর্মসংস্থান সকল কিছুর সুস্পষ্ট সংস্কার রয়েছে। এটা যদি অন্য দলের নেতারা পড়তেন তাহলে তারা আর নতুন করে সংস্কার চাইতেন না।'
তিনি বলেন, 'আমি যদি নির্বাচিত হই, সদর দক্ষিণ থেকে পাঁচথুবি, পূর্বে বর্ডার এলাকা থেকে পশ্চিমে ক্যান্টনমেন্ট পর্যন্ত কুমিল্লা মহানগরকে এমন ভাবে সাজাবো যেন কুমিল্লা পৃথিবীর মধ্যে একটি অন্যতম মহানগর হিসবে উদাহরণ হয়ে থাকে।'
সাবেক সংসদ সদস্য বলেন, 'এই দেশকে বাঁচাতে, জাতিকে বাঁচাতে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে, তারেক রহমানের প্রচেষ্টায়, ইউনূস সরকারের বদন্যতায় আমরা নির্বাচনের ধারপ্রান্তে এসেছি। বিএনপির দূরদর্শিতায় তিন মাস আগে নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে।'
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'নির্বাচনের আর বেশি সময় নাই। সবাই ধানের শীষের জন্য ভোট চাইতে এখনি বেরিয়ে যান।'
বিশেষ অতিথির বক্তৃতায় কুমিল্লা-১০ আসন থেকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী গফুর ভূঁইয়া বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে সুখী সমৃদ্ধির বাংলাদেশ গঠন হবে।'
তিনি বলেন, 'কুমিল্লা-৬ আসনে বর্ষীয়ান রাজনীতিবিদ মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন করে দল বিচক্ষণতার পরিচয় দিয়েছে। তিনি এমন একজন নেতা যিনি সর্বদা মানুষের কল্যাণে, এলাকার উন্নয়নের কথা ভাবেন।'
বারোপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ তুহিনের সভাপতিত্বে ও বিএনপি নেতা আমিনুল ইসলাম খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বেসরকারি সংস্থা সম্ভাবনাময় বাংলাদেশের প্রধান নির্বাহী প্রফেসর ড. এম এম শরীফুল করীম, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, দক্ষিণ জেলা বিএনপির নেতা নজরুল ইসলাম স্বপন, সৈয়দ জাহাঙ্গীর, মোস্তফা জামান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান প্রমুখ।
আরো পড়ুন: