ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা তারেক রহমানের

ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা তারেক রহমানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ২০:২৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভূমিকম্পে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহত মানুষদের সুস্থতায় পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেছেন।

শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এমন অঙ্গিকার ব্যক্ত করেছেন।

তারেক রহমান বলেন, 'আজ ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে রাজধানী ঢাকার বিভিন্ন উঁচুতল ভবনসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ছয় জনের প্রাণহানি ও দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।'

তিনি বলেন, 'আজ বাংলাদেশে প্রবল ভূমিকম্পে মানুষের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিতে আমি গভীর ভাবে শোকাভিভূত। এই ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগে আমি ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সংহতি ও সহানুভূতি প্রকাশ করছি। আমি মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করছি তিনি যেন ভূমিকম্পে হতাহতদের পরিবারবর্গকে শোক ও কষ্ট সহ্য করার ক্ষমতা দান করেন।'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'সরকার পূর্ব থেকেই সতর্ক থাকলে দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতি ঘটানোসহ মানুষকে সুরক্ষিত রাখা ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো। বাংলাদেশের মানুষ নানা প্রাকৃতিক বিপদসঙ্কুল দূর্যোগ মোকাবেলা করে সবসময় সামনের দিকে এগিয়ে গেছে।'

তিনি বলেন, 'আজকের ভূমিকম্পেও বাংলাদেশের মানুষ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রয়েছে। আমি ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহত মানুষদের আশু সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।'