খালেদা জিয়ার অবস্থা সঙ্কটাপন্ন, উন্নতি নেই: বিএনপি

খালেদা জিয়ার অবস্থা সঙ্কটাপন্ন, উন্নতি নেই: বিএনপি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫ ১৫:৪৭

আপডেট: ১ ডিসেম্বর, ২০২৫ ১৬:৩৭

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। দলের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে তার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন, যা নিয়ে জনমনে শঙ্কা আরও বেড়েছে।

রবিবার এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে আপডেট দেন।

রিজভী জানান, বিএনপি চেয়ারপারসনের অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি এখনও একই জটিল অবস্থায় রয়েছেন। বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেয়নি, এবং বোর্ডের মতামত ছাড়া এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, চেয়ারপারসনের শারীরিক অবস্থার কারণে ডিসেম্বর মাসের সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। দলটি দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছে।

হাসপাতালের সামনে ভিড় এড়িয়ে চলার অনুরোধ জানিয়ে রিজভী বলেন, অতিরিক্ত ভিড় চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে।

সকলকে অনুরোধ করছি হাসপাতালে ভিড় না করতে; নিজ নিজ অবস্থান থেকে দোয়া করুন,” বলেন তিনি।

তিনি জানান, দলের নেতাদের সঙ্গে নিয়মিতভাবে চিকিৎসকদের যোগাযোগ হচ্ছে এবং খালেদা জিয়ার সার্বিক চিকিৎসা-সংক্রান্ত তথ্য মেডিকেল বোর্ড থেকেই জানানো হচ্ছে।

৮১ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ১৫ অক্টোবর তিনি এই হাসপাতালে একদিন ভর্তি থেকে স্বাস্থ্য পরীক্ষা করান।

এরও আগে, ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া এবং ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরেন। দেশে ফিরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।