বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।'
সোমবার খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হওয়ার পর গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, 'ম্যাডামের অবস্থা স্থিতিশীল রয়েছে। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে যে সংবাদ প্রচারিত হচ্ছে, এটা সঠিক নয়। কেউ এতে বিভ্রান্ত হবেন না।'
একইসঙ্গে দলের চেয়ারপারসনের আশু আরোগ্য কামনায় কায়মানো বাক্য মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বানও জানান তিনি।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, 'এভারকেয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। দয়া করে যে যাই বলুক এ ব্যাপারে কারও কথায় কেউ বিভ্রান্ত হবেন না।'
বিশেষজ্ঞ চিকিসকরা সার্বক্ষণিক ম্যাডামের চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন উল্লেখ করে তিনি বলেন, 'তাদের থেকে যতটুকু জানতে পেরেছি, তার চিকিৎসা চলছে, এটাই আপগ্রেড। আপনারা সবাই দোয়া করুন যেন, আল্লাহ তাকে আমাদের কাছে ফিরিয়ে দেন সুস্থ ভাবে।'
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বলেন, 'সর্বশেষ অবস্থার বিষয়ে গণমাধ্যমকে যথাসময়ে অবহিত করা হবে।'
আরো পড়ুন: