বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে পাঁচ সদস্যের একটি বিদেশি বিশেষজ্ঞ মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে এসেছে।
হাসপাতাল সূত্র মতে, সোমবার দুপুর ২টা ৫০ মিনিটে মেডিকেল টিম হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে। তারা কিছুক্ষণের মধ্যে খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে নিয়োজিত দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসবেন।
মেডিকেল বোর্ড জানায়, খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি বিবেচনায় বাড়তি বিশেষজ্ঞ মতামত অত্যন্ত প্রয়োজন। সূত্র আরও জানিয়েছে, এই বিদেশি চিকিৎসকদের বেশির ভাগই চীনা নাগরিক।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। সকালে ডা. রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, ‘আপনারা জানেন, ম্যাডাম অসুস্থ। আমাদের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।’
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
আরো পড়ুন: