এই দেশের গণতন্ত্র ও ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া- এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বুধবার সকালে মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে কক্সবাজারের পেকুয়া উপজেলায় আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো গণসংযোগ করছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য।
গণসংযোগের সময় টইটং হাজি বাজার স্টেশনে সালাহউদ্দিন আহমদ বলেন, 'গণতন্ত্রের বিজয় হয়েছে, আওয়ামী বাকশালী ফ্যাসিস্ট গোষ্ঠী দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, প্রতিহিংসায় নয়। তবে এই দেশে যে সময়ে অনাচার, অত্যাচার ও হত্যাকাণ্ড হয়েছে- এর বিচার অবশ্যই হবে।'
তিনি বলেন, 'গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণকে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে গণতন্ত্র মুক্ত হয়েছে, আমরা মুক্ত হয়েছি। আমরা আমাদের ভোটাধিকার ফিরে পেয়েছি, কিন্তু প্রয়োগ করতে পারিনি। ভোটকে বিলম্বিত করতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে। এ দেশের শান্তি-শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। এ দেশে গণতন্ত্রের মার্কা ধানের শীষ, গণতন্ত্রের দল বিএনপি।'
দ্বিতীয় দিনের নির্বাচনী গণসংযোগে অংশ নেন ওই আসনের সাবেক এমপি সালাহউদ্দিনের পত্নী অ্যাডভোকেট হাসিনা আহমদ, উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুসলেম উদ্দীন, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুটসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আরো পড়ুন: