খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৫ ১৬:৩৮

আপডেট: ৫ ডিসেম্বর, ২০২৫ ১৬:৩৬

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি ও বিদেশে পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিক ভাবে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ বলেন, 'সবকিছু ঠিক থাকলে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে বৃহস্পতিবার দিবাগত রাতে অথবা শুক্রবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেখানে একটি হাসপাতালের সঙ্গে এরই মধ্যে যোগাযোগও হয়েছে।'

তিনি বলেন, 'ওনার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের দুইজন চিকিৎসক থাকবেন। এর সঙ্গে অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে থাকবেন। যাতে ওনার যাত্রাপথে যেকোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও ওনাকে চিকিৎসা দেওয়া যায়।'

এ সময় খালেদা জিয়ার পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে বলে জানান তিনি।

দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন ডা. জাহিদ হোসেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার পরিবার থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে বলেও জানান তিনি। ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসকেও কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসছেন। বাংলাদেশে পৌঁছানোর পর জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে নিয়ে লন্ডন যাত্রা করবেন।

জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকসহ মোট ১৪ জন সফরসঙ্গী লন্ডনে যাবেন। তারা হলেন- খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর স্ত্রী সায়েদা শামীলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন। আরও থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, মো. আব্দুল হাই মল্লিক, মো. মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রুপা শিকদার।