বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরী ত্রুটির কারণে শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে এটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে আগামী রোববার (০৭ ডিসেম্বর) খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হতে পারে।
শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান।
তিনি বলেন, 'কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে যাচ্ছে।'
শায়রুল কবির বলেন, 'কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে।'
তিনি বলেন, 'ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাআল্লাহ ৭ তারিখ (রোববার) ফ্লাই করবেন।'
চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়। তাকে বহন করার জন্য কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে। বৃহস্পতিবার জানানো হয়েছিল শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেন বিএনপি চেয়ারপর্সন। সে জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে তার পৌঁছানোর কথা রয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার লন্ডন সফরসঙ্গীদের তালিকা প্রকাশ করা হয়। এতে মোট ১৪ জনের নাম রয়েছে, যার মধ্যে চিকিৎসক আছেন ছয় জন।
চিকিৎসকরা হলেন- ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নূরউদ্দিন আহমদ, ডা. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন।
লন্ডন চিকিৎসা যাত্রায় পরিবারের সদস্য হিসেবে থাকছেন তার পুত্রবধূ সায়দা শামীলা রহমান। পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আব্দুল হাই মল্লিক ও চেয়ারপারসনের সহকারী ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমানও লন্ডন সফরে থাকবেন।
নিরাপত্তার অংশ হিসেবে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)'র সদস্য হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ সফরসঙ্গী হচ্ছেন। গৃহপরিচারিকা ফাতেমা বেগম এবং রূপা শিকদারও লন্ডনে যাবেন।
গত ২৩ নভেম্বর (রোববার) রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে আনা হয় খালেদা জিয়াকে। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
এমএ
আরো পড়ুন: