বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। তবে তিনি পরিষ্কার করে বলেন, মেডিকেল বোর্ডের ‘গ্রিন সিগন্যাল’ পাওয়ার পরই এই বিমানটি ঢাকায় আসবে।
শনিবার সাংবাদিকদের তিনি জানান,“কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স মেডামকে নিতে প্রস্তুত। তবে সম্পূর্ণ সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের। তারা অনুমতি দিলেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে তাকে লন্ডনে নিয়ে যাবে উন্নত চিকিৎসার জন্য।”
এনামুল হক চৌধুরীই কাতার কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়টি নিয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন।
জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আনার প্রসঙ্গে তিনি আরও বলেন,
“জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স ঠিকই—তবে সেটি আমাদের নয়; কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে।”
জটিল শারীরিক অবস্থায় হাসপাতালে খালেদা জিয়া
উল্লেখ্য, ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণজনিত শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার নিউমোনিয়া ধরা পড়ে। এর সঙ্গে রয়েছে দীর্ঘদিনের কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিস–সংক্রান্ত জটিলতা।
চিকিৎসকদের মতে, তার শারীরিক পরিস্থিতি অত্যন্ত জটিল—একটি রোগের চিকিৎসা অনেক সময় অন্যটির ওপর বিরূপ প্রভাব ফেলছে।
মেডিকেল বোর্ডের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠানো হবে না বলে নিশ্চিত করেছে বিএনপি।
আরো পড়ুন: