বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, 'বিএনপি ধর্মের নামে প্রতারণা করতে চায় না। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, কল্যাণ এবং সুস্পষ্ট উন্নয়ন পরিকল্পনার ওপর জোর দিয়েছে বিএনপি।'
সোমবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, 'যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চায়, তাদের আগে জানা দরকার বাস স্টেশন কোথায়? জনগণ এগুলো বোঝে।'
তিনি বলেন, 'ধর্ম ব্যবসায়ী যারা আছে, তাদের উদ্দেশে বলছি, তারা শুধু বলছে, এই মার্কায় ভোট দিলে ধরা জান্নাত। কিন্তু ইহকালে মানুষ কীভাবে চলবে, তার কোনো বক্তব্য নেই। যে দলের কোনো নীতি-আদর্শ নেই, কোনো পরিকল্পনা নেই, শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।'
এ সময় সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশে ‘মুখোশ গণতন্ত্র’ দেখিয়ে ভেতরে একদলীয় শাসন কায়েম করেছিলেন।
তিনি বলেন, 'মুজিবকন্যা হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে ১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনকে অগণতান্ত্রিক শাসনের নজিরহীন উদাহরণে পরিণত করেছিলেন, যা পৃথিবীর ইতিহাসে জঘন্য একদলীয় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা।'
ছাত্রদলসহ দলের সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, 'বিএনপি ক্ষমতায় এলে কী করবে তা সহজ ভাষায় মানুষের কাছে তুলে ধরতে হবে। আমরা জনগণের কাছে সমর্থন চাইছি। জনগণ আমাদের কাছ থেকে কী চায় সেটি পূরণ করার দায়িত্ব আমাদের।'
বিএনপির ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে তিনি বলেন, 'বাংলাদেশ মানেই বিএনপি, গণতন্ত্রের আরেক নাম বিএনপি।'
তিনি দাবি করেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা থেকে পঞ্চম সংশোধনী পর্যন্ত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পথ তৈরি করেছিলেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন, ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতি এবং ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার, এসবই বিএনপির অবদান।
বিদেশি লেখক-বিশ্লেষকদের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, 'দেশের বাস্তবতা না জেনে অনেকে এমন ভাবে মন্তব্য করেন যেন তারাই জ্ঞানের আধার। তাদের নেই জবাবদিহি, নেই দায়িত্ববোধ, নেই দেশপ্রেম।'
তিনি বলেন, 'সে জন্যই তারেক রহমানের স্লোগান, সবার আগে বাংলাদেশ।'
সামাজিক যোগাযোগ মাধ্যমে গালিগালাজ, ব্যক্তি চরিত্র হনন ও রাজনৈতিক বিদ্বেষ ছড়ানোর প্রবণতা নিয়েও উদ্বেগ জানান সালাহউদ্দিন। তার ভাষায়, এখন পলিটিক্যাল ক্যারেক্টর অ্যাসোসিনেশনের সংখ্যা সবচেয়ে বেশি, কিছু মিডিয়াতেও তার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার, ডা. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
আরো পড়ুন: