একাত্তরকে দলীয় ভাবে ব্যবহার করা উচিত হয়নি: সালাহউদ্দিন

একাত্তরকে দলীয় ভাবে ব্যবহার করা উচিত হয়নি: সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫ ১৩:১০

আপডেট: ১২ ডিসেম্বর, ২০২৫ ১৭:১৬

একাত্তরকে দলীয় ভাবে ব্যবহার করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির ষষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে তিনি এমন মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, 'একাত্তরের চেতনা নিয়ে যারা রাজনৈতিক ভাবে সুবিধা নিতে চেয়েছেন, তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন। আওয়ামী লীগের ‘হত্যাযজ্ঞ ও দুর্নীতির ইতিহাস’ জাতিকে ভুলে গেলে চলবে না।'

অভিযোগ তুলে তিনি বলেন, 'নির্বাচনে আওয়ামী লীগের ভোট আদায়ের আশায় একটি রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে কোনো কথা বলছে না।'

তিনি আরও বলেন, 'আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবেগ নয়- সুষ্ঠু ও সুপরিকল্পিত ভাবে এগোতে চায় বিএনপি। তার দাবি, ২০২৪ সালের অভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলনের ফল নয় বরং সাড়ে ১৫ বছরের সম্মিলিত প্রচেষ্টার পরিণতি।'

তফসিল ঘোষণা নিয়ে বিএনপির এই নেতা বলেন, 'নির্বাচনী তফসিল ঘোষণা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকলেও শেষ পর্যন্ত সবাই তা স্বাগত জানাতে বাধ্য হয়েছে।'

বিএনপির ৩১ দফাকে জাতির ‘মুক্তির সনদের নির্যাস’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, 'যুগপৎ আন্দোলনের সহযোগীদের সঙ্গে প্রণীত এই ৩১ দফা এখন বাংলাদেশের ‘মহাকাব্যে’ রূপ নিয়েছে।'

তার অভিযোগ, অনেকেই অতীতের গণতান্ত্রিক সংগ্রাম ভুলে যাচ্ছে। আওয়ামী লীগের ভোটের আশায় একটি দল তাদের অতীত বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে মুখ খুলছে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, 'রক্তস্নাত ইতিহাস, দুর্নীতি এবং অতীতে ‘হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা’র ঘটনাগুলো যেন জাতি ভুলে না যায়।'

তিনি বলেন, 'শ্বেতপত্রে উল্লেখিত ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা পাচারের তথ্য প্রমাণ করে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে এবং দেশের ‘কবর রচনা’ করেছে।'

সালাহউদ্দিন বলেন, 'যাদের ইতিহাস সবসময় বাংলাদেশের স্বার্থবিরোধী- ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের ভূমিকার কথাও সামনে আনতে হবে। তার দাবি, দেশের মানুষ এখন সচেতন; তাদের কাছে ‘ধর্মের বড়ি’ বিক্রি করা আর সম্ভব নয়।'