বাংলাদেশের পথে ওসমান হাদির মরদেহ

বাংলাদেশের পথে ওসমান হাদির মরদেহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫ ১৬:৪১

আপডেট: ১৯ ডিসেম্বর, ২০২৫ ১৭:৫৮

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকার উদ্দেশ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৮৫ দ্বারা দেশে আনা হচ্ছে। ফ্লাইটটি শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, বিজি-৩৮৫ ফ্লাইটটি সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। মরদেহ সুষ্ঠু ভাবে দেশে আনার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান। তার মৃত্যু সংবাদ ঢাকায় পৌঁছালে কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গত ১২ ডিসেম্বর (শুক্রবার) গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে ওসমান হাদি হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।

গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি মারা যান।