খুলনায় এনসিপি'র সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির প্রতিনিধি মো. মোতালেব শিকদারকে (৪০) গুলি করেছে দুর্বৃত্তরা।
সোমবার বেলা পৌণে ১২টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা বেসরকারি গাজী মেডিকেলের সামনে তাকে গুলি করা হয়।
আহত মো. মোতালেব শিকদার সোনাডাঙ্গা শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার মৃত মোসলেম শিকদারের ছেলে।
স্থানীয়রা জানান, গুলিবিদ্ধ মোতালেবকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। গুলি তার মাথায় বিদ্ধ হয়েছে।
এনসিপির খুলনা জেলা ও মহানগরের সংগঠক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, 'সোনাডাঙ্গা এলাকায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক।'
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, 'খুলনা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিগত দিনে খুলনায় অহরহ গোলাগুলির ঘটনা ঘটেছে। নদীতে লাশ মিলছে। প্রশাসনের নীরবতা এবং নিষ্ক্রিয়তা আমাদের জীবন ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। খুলনা এখন কিশোর গ্যাং আর সন্ত্রাসীদের নগরে পরিণত হয়েছে। পুলিশ যে গুটি কয়েক সন্ত্রাসীদের আটক করছে, তারা আবার কোর্ট থেকে অতি সহজেই জামিন নিয়ে ফিরে এসে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হচ্ছে। আর এই সবগুলো সন্ত্রাসী গ্রুপই শেখ বাড়ি ও আওয়ামী নেতাদের আশীর্বাদপুষ্ট। নিষিদ্ধ সংগঠন আওয়ামী নেতাদের মদদেই সন্ত্রাসীরা খুলনাকে অশান্ত করার আর আমাদের প্রাণ নেওয়ার মিশনে নেমেছে। জুলাইযোদ্ধারা বেঁচে থাকার স্বাধীনতা চায়।'
ঘটনার সত্যতা স্বীকার করে সোনাডাঙ্গা মডেল থানার ওসি (তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতাল পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিস্তারিত পরে জানাবো।'
আরো পড়ুন: