ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আসিফ

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আসিফ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৫ ২২:২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

ঢাকা-১০ আসনটি নিউ মার্কেট, হাজারীবাগ, কলাবাগান এবং ধানমন্ডি থানা নিয়ে গঠিত। আসিফ মাহমুদ আসনটিতে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে আসিফ মাহমুদ বলেন, ‘প্রচারণার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে। তাই স্বাভাবিক প্রচারণা করতে পারছি না। শরীফ ওসমান হাদির হত্যার আসামিদের এখন পর্যন্ত সরকার গ্রেপ্তার করতে পারেনি। এটি সরকারের ব্যর্থতা। প্রার্থীরা ঝুঁকির মধ্যে রয়েছেন। বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানের নেতা, তারা ঝুঁকিতে আছেন।’

তিনি বলেন, ‘সরকারকে প্রার্থীসহ জুলাই অভ্যুত্থানেরে নেতাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। শহীদ ওসমান হাদির মতো অবস্থা যাতে আরও কারও না হয়।’

গত ১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।