সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান

সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান
ছবি: বিএনপির ফেসবুক পেইজ।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৫ ১৭:০৮

আপডেট: ২৫ ডিসেম্বর, ২০২৫ ২১:০৯

সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা মঞ্চে বক্তব্য দেয়ার সময় তিনি এমন প্রত্যয় ব্যক্ত করেন।

তারেক রহমান বলেন, 'বাংলাদেশের নারী-পুরুষ, ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই।'

আর এ জন্য তিনি সবার, সব বাংলাদেশির সহযোগিতা কামনা করেন। 

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ।'

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে লাল সবুজ বাসে করে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা মঞ্চে এসে পৌঁছেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতাকর্মীদের মুহূর্মুহূ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সংবর্ধনাস্থল। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি।

মঞ্চে উপবিষ্ট বিএনপির জ্যেষ্ঠ নেতারা প্রিয় নেতাকে সংবর্ধন জানান। সেই সঙ্গে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী নেতারাও মঞ্চ থেকে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছ জানান। দলীয় নেতাকর্মীরা নিচ থেকে স্লোগান দিতে থাকেন। সবার অভিবাদনের জবাব দেন তারেক রহমান।