বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম, আর নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা।
শুক্রবার ‘বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২৫’-এর দ্বিতীয় অধিবেশনে এই নির্বাচনের ফল জানানো হয়।
ছাত্র শিবিরের সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিনের সঞ্চালনায় এবং প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ফলাফল ও নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন। নাম ঘোষণার পর নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথবাক্য পাঠ করান ছাত্র শিবিরের প্রধান নির্বাচন কমিশনার।
নুরুল ইসলাম সাদ্দাম এর আগে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
শিক্ষাজীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত রয়েছেন।
অপরদিকে, সিবগাতুল্লাহ ২০২৫ সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। পাশাপাশি সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক, প্রকাশনা ও সাহিত্য সম্পাদকসহ আরও দুটি গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে বিএসএস ও এমএসএস সম্পন্ন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন।
গত ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত সারাদেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে সিবগাতুল্লাহকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন।
আরো পড়ুন: