সূর্যাস্তের আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছাতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ কারণে তারেক রহমানের পক্ষে শুক্রবার বিকেল ৫টা ৬ মিনিটে দলটির নেতৃবৃন্দ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, নেতা ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদ্দীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরা তারেক রহমান শুক্রবার বিকেলে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। তিনি বিকেল ৪টা ৪০ মিনিটে সমাধিস্থলে প্রবেশ করেন। বিকেল পৌঁণে ৫টার দিকে রাজধানীর শের-ই-বাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখান থেকে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের পথে রওনা দেন।
তারেক রহমান এর আগে জনভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে দুপুরে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায়ই জোহরের নামাজ আদায় করেন। তিনি দুপুর ২টা ৫৪ মিনিটে বাসা থেকে জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা হন। গুলশান-২ গোলচত্বর হয়ে বনানী, সেখান থেকে মহাখালী ফ্লাইওভার, প্রধান উপদেষ্টার কার্যালয় এলাকা, বিজয় সরণি ও বিমানচত্বর অতিক্রম করে জিয়া উদ্যানে যান।
এ সময় উদ্যান ও আশপাশের এলাকায় উপস্থিত দলীয় নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান এবং বিভিন্ন স্লোগান দেন। তখন নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, এপিবিএন ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করেন।
আরো পড়ুন: