খালেদা জিয়া-তারেক রহমানের মনোনয়নপত্র জমা

খালেদা জিয়া-তারেক রহমানের মনোনয়নপত্র জমা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫ ২১:০৫

আপডেট: ২৯ ডিসেম্বর, ২০২৫ ২১:৩৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে এবং বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ (গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

খালেদা জিয়ার অসুস্থতার কারণে মনোনয়নপত্রে তার স্বাক্ষরের জায়গায় আঙুলের ছাপ নেওয়া হয়েছে।

সোমবার বিকেল ৩টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদারের (লালু) নেতৃত্বে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এ মনোনয়নপত্র দাখিল করা হয়।

এ সময়  উপস্থিত ছিলেন- শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ও গাবতলী পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

মনোনয়নপত্র দাখিলের পর হেলালুজ্জানান তালুকদার সাংবাদিকদের বলেন, 'বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ। তিনি ইশারা-ইঙ্গিতে যোগাযোগ করছেন। মনোনয়নপত্রে খালেদা জিয়া স্বাক্ষরের বদলে তার আঙুলের ছাপ দিয়েছেন।'

এদিকে, ঢাকা-১৭ ও বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বেলা ১২টার দিকে মনোনয়নপত্র জমা দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

আমিনুল হক বলেন, ঢাকা-১৭ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন জমা দিয়ে এসেছি আমরা। 

এছাড়াও, বগুড়া-৬ (সদর) আসনে জেলা রিটার্নিং অফিসারের কাছে তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বগুড়ার গাবতলীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রথমবারের মতো বগুড়া-৭ আসনে বিএনপির প্রার্থী হয়ে জয়ী হন, তবে জয়ের পর প্রতিবারই খালেদা জিয়া আসনটি ছেড়ে দিলে উপনির্বাচন হয়। তিনটি উপনির্বাচনে বিজয়ী হন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার। ২০০৮ সালের উপনির্বাচনে দলের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য মওদুদ আহমদ জয়ী হন।