খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫ ১৫:৩০

আপডেট: ৩০ ডিসেম্বর, ২০২৫ ১৫:৩২

বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সরকারপ্রধান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। শোক প্রকাশ করেছেন ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও বিশ্ব নেতারা। শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এক শোকবার্তায় বলেন, 'বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত ও মর্মাহত।'

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন। আওয়ামী লীগের ফেসবুক পেইজে লেখা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

জাতীয় পার্টির দুই ধারার নেতারা আলাদা আলাদা শোকবার্তা দিয়েছেন। জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলমের পাঠানো শোকবার্তায় দলের চেয়ারম্যান জি এম কাদের বলেন, 'বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাষ্ট্র পরিচালনা ও বহুদলীয় রাজনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার প্রয়াণে দেশ একজন অভিজ্ঞ ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।'

অন্যদিকে, পৃথক শোকবার্তায় জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারও গভীর শোক প্রকাশ করেন।

এক শোকবার্তায় যমুনা গ্রুপ জানিয়েছে, গৃহবধূ থেকে রাজনীতিতে পদচারণ করে বেগম খালেদা জিয়া হয়ে ওঠেন বাংলাদেশের গণতন্ত্রের মা। দেশের প্রয়োজনে জাতিকে ঐক্যবদ্ধ রেখেছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান অপরিসীম। আর শেষ জীবনে হয়ে ওঠেন জাতির ঐক্যের প্রতীক। বাংলাদেশের রাজনীতির এক অনন্য অভিভাবক, রাজনীতির এই অভিভাবক আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যমুনা গ্রুপ গভীর শোকাহত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শোকবার্তায় খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে স্মরণ করেছেন এবং দেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় থাকবে বলে উল্লেখ করেছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়ানে আমি শোকাহত।

ঢাকাস্থ ইরান দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি প্রধানমন্ত্রী থাকাকালে বাংলাদেশ-ইরানের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক।

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক শোকবার্তায় বলেন, খালেদা জিয়ার নেতৃত্ব ও সেবামূলক অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি প্রার্থনা করেন, মহান আল্লাহ তার আত্মাকে শান্তি দান করুন।

এছাড়াও, শোক প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।