খুলনার দুটি আসনে জাপাসহ ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

খুলনার দুটি আসনে জাপাসহ ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬ ১৬:৫০

আপডেট: ২ জানুয়ারি, ২০২৬ ২১:৩৪

খুলনায় তৃতীয় দিনের মত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার খুলনা-৫ ও খুলনা-৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এই দুটি আসনের জাতীয় পার্টিসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং একজনের প্রার্থিতা স্থগিত রাখা হয়েছে।

জেলা রিটার্নিং অফিসার আ স ম জামসেদ খোন্দকার বলেন, সকাল ১০টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। যাচাই-বাছাইকালে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, এক প্রার্থীর স্থগিত এবং আট জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন- খুলনা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আরা পারভীন (ইয়াসিন) এবং খুলনা-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস। 

খুলনা-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মুজিবুর রহমানের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার, বিএনপি’র মোহাম্মদ আলি আসগার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার ও বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুল কাইউম জমাদ্দার।

খুলনা-৬ আসনের বৈধ প্রার্থীরা হলেন- বিএনপি’র এস এম মনিরুল হাসান বাপ্পী, জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলনের মো. আছাদুল্লাহ ফকির ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল।