বগুড়া-২: মান্নাসহ দু'জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-২: মান্নাসহ দু'জনের মনোনয়নপত্র বাতিল
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬ ১৭:৫৬

আপডেট: ২ জানুয়ারি, ২০২৬ ১৭:৫৭

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং জাতীয় পার্টির সাবেক এমপি ও জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

তিনি বলেন, 'বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মাহমুদুর রহমান মান্নার হলফনামার তথ্য গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়া জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি। এ অসংগতির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।'

শুক্রবার সকাল থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ আদেশের বিরুদ্ধে আপত্তি থাকলে আপিল করার পরামর্শ প্রদান করা হয়। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির মীর শাহে আলম, জামায়াতে ইসলামীর মাওলানা শাহাদাতুজ্জামান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাল উদ্দিন। 

বাতিল করা হয়েছে- গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মোট সাত জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।