ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনে মোট নয় জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে তিন জন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিলের ঘোষণা দেন। জেলার মোট আটটি আসনের মধ্যে প্রথম দিন চারটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক বলেন, 'প্রথম ধাপে চারটি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করা হয়েছে। এতে তথ্যের গরমিলসহ নানা কারণে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপির (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. হারুন অর রশীদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়াও জেলার অন্যান্য আসনে আরও ছয় জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।'
অন্যদিকে, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহিল কাফি এবং জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াস হোসেন মনির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন আসনে মোট ১৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে মোট ৮৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৬৫ জন প্রার্থী।
আরো পড়ুন: