বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট সফরের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। সফরের প্রথম কর্মসূচি হিসেবে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রতীক বরাদ্দের পরদিন থেকেই দলের চেয়ারম্যান নির্বাচনী মাঠে নামবেন।
এর আগে শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সামনে নির্বাচন এবং তিনি একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে ২২ জানুয়ারি থেকে দলের পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে জনগণের সামনে যাবেন। তবে প্রচারণার বিস্তারিত কৌশল নিয়ে তিনি এ সময় নির্দিষ্ট করে কিছু বলেননি।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পরদিন, ২২ জানুয়ারি থেকে দেশজুড়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। বিএনপি সূত্র জানিয়েছে, ঐতিহ্য অনুসারে সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়েই দলটি নির্বাচনী প্রচার শুরু করে থাকে।
দলীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট সফর শেষে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফেরার সময় বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। সফরকালে তিনি মৌলভীবাজারে একটি জনসভা এবং শ্রীমঙ্গলে একটি নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন বলেও বিএনপি সূত্র জানিয়েছে।
এদিকে, দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকের পর তারেক রহমানের পূর্বঘোষিত উত্তরাঞ্চল সফর আপাতত স্থগিত করা হয়েছে। শুক্রবার রাতে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সফরের নতুন সময়সূচি পরে জানানো হবে।
উল্লেখ্য, একই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। সাবেক প্রধানমন্ত্রী ও দীর্ঘদিনের দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলীয় নেতৃত্বের এই রূপান্তর ঘটে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী প্রচারণার সূচনা হিসেবে সিলেট সফর বিএনপির জন্য প্রতীকী ও সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এটি দলের নির্বাচনী কৌশলের একটি বার্তা বহন করছে বলে তারা মনে করছেন।
আরো পড়ুন: