বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে।
মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পর দলীয় ফোরামে বিষয়টি পর্যালোচনা করা হয়। পর্যালোচনার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ১৩ জানুয়ারি তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে।
এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু তাহের সিদ্দিকী, হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ মো. সোহেল চেয়ারম্যান (এস এম আতাউল মোস্তফা সোহেল), চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা খোরশেদ আলম, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ সাজ্জাদ মোর্শেদ এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোছা. পারুল নাহারকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
দলীয় সূত্র জানায়, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে দলের নীতিমালা ও গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দলীয় পর্যবেক্ষকদের মতে, জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে সাংগঠনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে বিএনপি বিভিন্ন পর্যায়ে শৃঙ্খলামূলক সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করছে।
আরো পড়ুন: