জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৬ ১৭:২৬

আপডেট: ১৭ জানুয়ারি, ২০২৬ ২০:৫৪

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দুই দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, 'আগামী ১৯ জানুয়ারি (সোমবার) দিনটি উপলক্ষে বেলা ১১টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শের-ই-বাংলা নগরস্থ মাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করবেন। এ দিন দলের চেয়ারম্যানকেও উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে। এছাড়া, জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ওই দিন একটি মেডিকেল ক্যাম্প আয়োজন করবে।

রুহুল কবির রিজভী বলেন, 'বিএনপির দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ২০ জানুয়ারি (মঙ্গলবার) বেলা ১১টায় কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তি ও বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।'

তিনি বলেন, '১৯ জানুয়ারি শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। একইসঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সকল জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের ইউনিটগুলোতে যার যার মতো করে আলোচনা সভা ও দোয়া মাহফিল হবে।'

এছাড়াও দিনটি উপলক্ষে ইতোমধ্যে পোস্টার বানানো হয়েছে এবং ১৯ জানুয়ারি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে বলেও জানান বিএনপির এই নেতা।