বিএনপির আমলে মানুষের জীবনে উন্নতি এসেছে: তারেক রহমান

বিএনপির আমলে মানুষের জীবনে উন্নতি এসেছে: তারেক রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৬ ২১:১৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'ধানের শীষ প্রতীক যতবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, ততবারই মানুষের জীবনে উন্নতি এসেছে। পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে সারাদেশে ধানের শীষকে বিজয়ী করতে হবে। 

এ জন্য সবাইকে নিজের আত্মীয়-স্বজনকেও ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার রাজধানীর ভাষানটেকে এক নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান।

তিনি বলেন, 'দেশে দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটেছে। এখন সময় দেশ গঠনের। স্বৈরাচারী শাসনের কারণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। এসব প্রতিষ্ঠান পুনর্গঠন করতে হলে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির প্রয়োজন রয়েছে।'

তারেক রহমান বলেন, 'আমি, তুমি ও ডামির নির্বাচন যখন হয়েছিল, তখন সাধারণ মানুষ তাদের সমস্যা নিয়ে জনপ্রতিনিধির কাছে যেতে পারেনি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের প্রতিনিধি নির্বাচন করতে হবে। একইসঙ্গে জবাবদিহি নিশ্চিত করতে হবে।'

জনসভায় উপস্থিত মানুষের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, 'তিনি জনগণের মুখ থেকেই তাদের সমস্যার কথা জানতে চান। তার প্রত্যাশা, আগামী দিনে প্রত্যেক জনপ্রতিনিধি জনগণের কাছে যাবেন, তাদের কথা শুনবেন ও সমস্যা সমাধানে কাজ করবেন।'

নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, কৃষকদের জন্য বিশেষ কার্ড চালু এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে কৃষির উন্নয়নে কাজ করবে বিএনপি। পাশাপাশি যুবকদের জন্য প্রশিক্ষণ ও শিক্ষার ব্যবস্থা করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে, যাতে তারা দেশে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে, বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে কাজ করতে পারে কিংবা নিজ উদ্যোগে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারে।

নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, 'নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের জন্য ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। ক্ষমতায় গেলে এসব কর্মসূচি বাস্তবায়নে বিএনপি কাজ করবে।'

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’- এই শপথ নেওয়ার আহ্বান জানিয়ে বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

জনসভায় বিএনপি চেয়ারম্যানের সঙ্গে মঞ্চে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার ও নাজিমুদ্দিন আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান।

এছাড়া, ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক কাদের মাহমুদ, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ জনসভায় অংশ নেন।

বক্তব্য শুরুর আগে ভাষানটেকের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন তারেক রহমান। তিনি ভ্যানচালক, গৃহিণী, বস্তিবাসী ও শিক্ষার্থীদের সঙ্গে এলাকার সমস্যা নিয়ে আলোচনা করেন এবং নির্বাচিত হলে ও ক্ষমতায় গেলে সেসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।