ক্ষমতায় এলে জনগণের সম্পদ রক্ষার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

ক্ষমতায় এলে জনগণের সম্পদ রক্ষার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের
সোমবার মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : বাসস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৬ ১৯:২৫

আপডেট: ২৬ জানুয়ারি, ২০২৬ ১৯:৩৭

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মেহেরপুরে এক নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে জনগণের সম্পদ রক্ষাই হবে তার দলের প্রধান অঙ্গীকার। তিনি বলেন, অতীতের কোনো সরকারই দুর্নীতিমুক্ত শাসনের দাবি করতে পারেনি, তবে দায়িত্ব পেলে জামায়াত জনগণের সম্পদে হাত দেবে না।

সোমবার দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পদ অস্বাভাবিকভাবে বাড়তে দেওয়া হবে না এবং প্রতিবছর আয়-ব্যয়ের হিসাব জনসমক্ষে প্রকাশ করা হবে। তার ভাষায়, জনগণের সম্পদ পাহারা দেওয়ার দায়িত্বে জামায়াত নিজেদের ‘চৌকিদার’ হিসেবে দেখতে চায়।

ডা. শফিকুর রহমান আরও বলেন, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে তার দল কোনো আপস করবে না। চাঁদাবাজদের পুনর্বাসনের বদলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যাতে কেউ অবৈধ পথে অর্থ উপার্জনে জড়াতে বাধ্য না হয়। বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, ভাতা দিয়ে সমস্যা সমাধান হয় না; বরং টেকসই কর্মসংস্থানই দীর্ঘমেয়াদি সমাধান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত মনোনীত ও ১০ দল সমর্থিত মেহেরপুর-১ আসনের প্রার্থী মাওলানা মো. তাজউদ্দীন খান এবং মেহেরপুর-২ (গাংনী) আসনের প্রার্থী মো. নাজমুল হুদার পক্ষে এই জনসভা অনুষ্ঠিত হয়।

বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, মেহেরপুর একটি ছোট জেলা হলেও এখানেও চাঁদাবাজির প্রভাব দেখা যাচ্ছে। জনগণের রায়ে দায়িত্ব পেলে এসব মানুষের জন্য কাজের সুযোগ সৃষ্টি করা হবে, যাতে অবৈধ কার্যক্রমের প্রয়োজন না পড়ে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোটকে তিনি স্বাধীনতার প্রতীক হিসেবে দেখেন এবং ভোটারদের সক্রিয়ভাবে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান। তার বক্তব্যে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

গত কয়েক দশকের শাসনব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়নি এবং এর প্রভাব তরুণ সমাজের ওপর পড়েছে। দায়িত্ব পেলে তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

জনসভা শেষে জামায়াত আমির মেহেরপুরের দুই আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জনসমর্থন কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর-১ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা মো. তাজউদ্দীন খান। এছাড়া বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের প্রার্থী মো. নাজমুল হুদা এবং জামায়াত ও মিত্র সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।