বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা নদীর ওপর উজানে ভারতের নির্মিত ফারাক্কা ব্যারাজের বিপরীতে পদ্মা ব্যারাজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, 'পদ্মা নদীতে কোনো পানি নেই। বহু মানুষ থাকলেও কর্মসংস্থান নেই। আমরা বরেন্দ্র আঞ্চলে বরেন্দ্র প্রকল্প চালু করতে চাই, খাল-বিল খনন করতে চাই, পদ্মা নদীকে খনন করতে চাই। পদ্মা ব্যারাজ নির্মাণের কাজে হাত দিতে চাই।'
তিনি বলেন, 'আমের জন্য হিমাগার তৈরি, আইটি পার্ককে সচল, ভোকেশনাল ইন্সটিটিউট গড়া, শিক্ষিতদের স্বাবলম্বী করা, প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান, রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল তৈরি, কৃষককে কৃষি কার্ড, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ, বিশেষ সহায়তায় মিল-ফ্যাক্টরি গড়ে তোলার পাশাপাশি কৃষিনির্ভর শিল্পায়ন গড়ে তুলতে চাই।'
তিনি আরও বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা কোনো ঝগড়া, ফ্যাসাদ ও বিবাদের মধ্যে যেতে চাই না। সেজন্য আমরা সমালোচনা করছি না। সমালোচনা করে পেট ভরবে না।
বিএনপি চেয়ারম্যান বলেন, 'একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আগামী ১২ তারিখের নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে।'
তিনি বলেন, 'আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে। ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে। কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়।'
তারেক রহমান বলেন, 'বিগত ১৬ বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি নিশিরাতের নির্বাচন দেখেছি, গায়েব নির্বাচন দেখেছি, দেশের মানুষ ভোট দিতে পারেন। পেরেছিলেন আপনারা? পারেননি আপনারা ভোট দিতে। তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল।'
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, 'কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার সঠিক ও সুষ্ঠু তদন্ত করুন। বিএনপির কোনো ভূমিকা থাকলেও আমরা সহাযোগিতা-সাহায্য করব। কিন্তু সঠিক সুষ্ঠু তদন্ত হতে হবে। সেই অনুযায়ী, দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার করতে করতে হবে। কিন্তু সেটা সঠিক সুষ্ঠু-তদন্ত করতে হবে।'
আরো পড়ুন: