যুব সমাজের প্রত্যাশার বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী কাজ করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার সকাল ১০টার দিকে ফেনী সরকারি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াতের আমির বলেন, 'যারা বাংলাদেশকে ভালোবাসবে তাদের প্রথম ভোট হবে ‘হ্যাঁ’, দ্বিতীয় ভোটটি হবে ইনসাফের পক্ষে। আমরা পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে একজন রিকশাচালকও প্রধানমন্ত্রী হতে পারেন।'
তিনি বলেন, 'অতীতের বস্তাপচা রাজনীতি এ দেশের মানুষ আগামী ১২ ফেব্রুয়ারি প্রত্যাখ্যান করবে। সারাদেশে জামায়াতের নারী কর্মীদের হেনস্তা করা হয়েছে। নারীদের বেইজ্জতি আমরা সহ্য করতে পারবো না।'
বেকার ভাতা নিয়ে বিএনপির প্রতিশ্রুতির বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, 'বসে বসে বেকার ভাতা খাব না, আমরা কর্মসংস্থান তৈরি করবো। ন্যায়-ইনসাফের জন্য আমরা চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ। পেছনে নয়, সামনে দৌঁড়াবো। জামায়াতে ইসলামীর বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই।'
ফেনীর ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, 'ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হবে। যে বাঁধের কারণে ফেনীবাসীর দুঃখ, বন্যার চিরায়ত সে সমস্যার সমাধান করা হবে। ফেনীতে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার চেষ্টা করবে জামায়াত।'
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নির্যাতনে মারা যাওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে স্মরণ করে জামায়াত আমির বলেন, 'আজ আমার মনে পড়ে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে। এই ফেনী নদী নিয়ে কথা বলার কারণেই তাকে জীবন দিতে হয়েছে। যারা আধিপত্যবাদের দালাল তারা তাকে সহ্য করতে পারেনি। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন। আপনারা আবরার ফাহাদকে স্মরণে রাখবেন, তাকে হৃদয়ে ধারণ করবেন।'
ফেনী জেলা জামায়াত আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা এ টি এম মাসুম, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি রাশেদ প্রধান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ফেনী-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক, ফেনী-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, ডাকসুর ভিপি সাদিক কায়েম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, ফেনী জেলা জামায়াতের সাবেক আমির এ কে এম সামছুদ্দিন, শহর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের ফেনী শহর শাখার সভাপতি ওমর ফারুক ও জেলা সভাপতি আবু হানিফ হেলাল।
Tag:
আরো পড়ুন: