চট্টগ্রাম সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস আর প্রতিরোধের রাজধানী: জামায়াত আমির

চট্টগ্রাম সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস আর প্রতিরোধের রাজধানী: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩৯

চট্টগ্রামবাসীর উদ্দেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘চট্টগ্রাম মহানগরী শুধু বন্দরনগরী নয়, শুধু বাণিজ্যিক রাজধানী নয়, এটি সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস আর প্রতিরোধের রাজধানী।’

সোমবার রাতে চট্টগ্রামে বন্দর স্কুল মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশে একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকে হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন ‘উই রিভল্ট’ (আমরা বিদ্রোহ করি)। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম। জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। চট্টলাবাসী আপনাদের স্যালুট। এ গর্বিত ইতিহাসের আপনারাই সূচনা করেছিলেন।’

তিনি বলেন, ‘কেন তিনি (অলি) আজ আক্ষেপ করে বলেন- আমি লড়াই করেছি রণাঙ্গণে, আমি জাতীয়তাবাদী দল গঠনে দ্বিতীয় ব্যক্তি ছিলাম জিয়াউর রহমানের পরে। তিনি এখন বলেন আমি এখন বিএনপিতে নেই, থাকতে পারিনি। কারণ এটি জিয়াউর রহমানের বিএনপি নয়। তিনি বলেন এটি বেগম জিয়ারও বিএনপি নয়।’

এ সময় মহানগর জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় দলের প্রধান শফিকুর চট্টগ্রাম-১০, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১১ ও খাগড়াছড়ি আসনে জামায়াতের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা এবং চট্টগ্রাম-৮ আসনে ভোটের শরিক দল এনসিপির প্রার্থীর হাতে শাপলা কলি তুলে দেন।