ন্যায্য বিচার প্রতিষ্ঠিত হলে চাঁদাবাজির পথ বন্ধ হয়ে যাবে: জামায়াত আমির

ন্যায্য বিচার প্রতিষ্ঠিত হলে চাঁদাবাজির পথ বন্ধ হয়ে যাবে: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:৫১

আপডেট: ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:৩৭

ন্যায্য বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে চাঁদাবাজির সব পথ বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

জামায়াতের আমির বলেন, ‘যখন ন্যায্য বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, তখন আর কাউকে চাঁদাবাজির শিকার হতে দেওয়া হবে না। চাঁদাবাজির সব পথ বন্ধ হয়ে যাবে। যারা চাঁদাবাজ, তাদের ধরিয়ে এনে কাজে নিয়োজিত করা হবে। তারা সে দিন দেশ গড়ার কাজে অংশ নেবেন। বর্তমানে যারা দুর্নীতিতে জড়িত, তাদেরও আর দুর্নীতি করার সুযোগ থাকবে না।’

তিনি বলেন, ‌‘সাধারণ মানুষ অপরাধ করলে যে শাস্তি দেওয়া হয়, দেশের প্রধানমন্ত্রী একই অপরাধে জড়ালেও তার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম থাকবে না। আমরা চাই, এই ন্যায্য বিচার ব্যবস্থা পুরো বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। এই বিচার সবার জন্য প্রযোজ্য হবে- মুসলিম, হিন্দু, খ্রিষ্টানসহ দেশের সব ধর্মের মানুষের জন্য।’

তিনি আরও বলেন, ‘দেশের র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, তবে সবাই এক রকম নন। এখনই নিয়ত করে ফেলুন- প্রয়োজনে নিজের জীবন দেবো কিন্তু দেশের এক ইঞ্চি মাটিও কাউকে দেবো না।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘মানুষ গত ৫৪ বছর ধরে শাসন-অশাসনের চক্র দেখে এসেছে। এসব দেখতে দেখতে জনগণ এখন ক্লান্ত। তাই বর্তমানে সবাই পরিবর্তন চায়। পুরোনো, পঁচা রাজনৈতিক ধাঁচ আর কেউ দেখতে চায় না।’