ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকেল ৫টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ইনকিলাব মঞ্চ জানায়, যমুনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেরসহ ইনকিলাব কর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। শুক্রবার সন্ধ্যায় ৬টা থেকে বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে এ কর্মসূচি করবে তারা।
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে কর্মসূচি পালন করছিলেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলে অভিযোগ আন্দোলনকারীদের।
এদিকে আবদুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকেও জানানো হয়েছে, শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং তিনি গুলিবিদ্ধ। সেখানে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, আপাতত জমায়েত না করতে এবং চিকিৎসা নিয়ে পরে আবার কর্মসূচিতে ফেরার কথা।
এর আগে হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে নেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিল ইনকিলাব মঞ্চ। সংগঠনটির নেতাকর্মীরা জানিয়ে আসছেন, এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক পদক্ষেপ না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। বৃহস্পতিবার বিকেল থেকে রাতভর অবস্থান কর্মসূচিতে অংশ নেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, আবদুল্লাহ আল জাবের এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অন্যরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, 'তিন জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কেউ গুলিবিদ্ধ নয়।'
আরো পড়ুন: