এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই: মির্জা ফখরুল

এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:৩৩

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন বলে মনে করি।'

মঙ্গলবার বেলা ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'গত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে বিএনপি। আসন্ন নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা রয়েছে।'

তিনি বলেন, 'নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়, তাহলে রাষ্ট্র সংস্কারের একটি বড় সুযোগ তৈরি হবে।' বর্তমান পরিস্থিতিতে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূল বলেই তারা মনে করছেন।

বিএনপি মহাসচিব বলেন, 'বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক ঠাকুরগাঁও সফর রাজনৈতিক ভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে।' 

তিনি বলেন, 'বিএনপি সব নির্বাচনকেই গুরুত্ব দিয়ে দেখে এবং প্রতিপক্ষকে কখনোই দুর্বল হিসেবে বিবেচনা করে না। জামায়াত কৌশলগত ভাবে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে এবং ভুয়া সংবাদ ছড়ানোর চেষ্টা করছে। তবে বিএনপি ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী।'

মির্জা ফখরুল বলেন, 'যাকে খুশি তাকেই ভোট দিন এটাই আমাদের অবস্থান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।'