বিজয় মিছিল বাদে যে কর্মসূচি দিল বিএনপি

বিজয় মিছিল বাদে যে কর্মসূচি দিল বিএনপি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ে আনন্দ মিছিল করা যাবে না। এর পরিবর্তে সারাদেশে দোয়া কর্মসূচি পালিত হবে। 

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুলসংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বাদ জুমআ ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভ কামনায় বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে।

তবে উল্লেখ থাকে যে, জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল কিংবা কোনো সভা করা যাবে না। ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দেশব্যাপী মসজিদে মসজিদে অনুষ্ঠিতব্য দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

একইসঙ্গে সারাদেশে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ করা হলো।