ঢাকা-১৭ আসনের এমপি হিসেবে শপথ নেবেন তারেক রহমান

ঢাকা-১৭ আসনের এমপি হিসেবে শপথ নেবেন তারেক রহমান
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:৫৪

আপডেট: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:০৬

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনে পাঠিয়েছেন তিনি। সোমবার নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য জানিয়েছে।

ইসির আইন অনুযায়ী, কোনো ব্যক্তি একাধিক আসনে নির্বাচিত হলেও নির্ধারিত সময়ের মধ্যে একটি আসন রেখে বাকি আসন/আসনগুলো লিখিত ভাবে ছেড়ে দিতে হবে।

যেহেতু তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয় লাভ করেছেন, সেহেতু একটি আসন তাকে ছেড়ে দিতে হবে। তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়া সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি। তবে এ সংক্রান্ত গেজেট এখনো হয়নি। আসনটি শূন্য ঘোষণা করার কাজ করছে ইসি।

আরপিও অনুযায়ী, ধারা ১৯(১)(খ) কোনো ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং নির্বাচিত হতে পারবেন। ধারা ১৯(২) যদি কোনো ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হন, তবে তাকে গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে লিখিত ভাবে জানাতে হবে, তিনি কোন আসন রাখতে চান।

নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন বাংলাদেশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং অবশিষ্ট আসন/আসনগুলো শূন্য ঘোষণা করা হবে।