জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, 'দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াত জনগণের সঙ্গে থাকবে। জনস্বার্থ ও দেশের স্বার্থ সংরক্ষণই হবে জামায়াতের মূল দায়িত্ব। এদিকে সজাগ দৃষ্টি দেখে জামায়াত দায়িত্ব পালন করবে।'
সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আলফালাহ মিলনায়তনে দলটির নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা। সে সময় জামায়াত আমির এসব কথা বলেন।
তিনি বলেন, 'জামায়াত নতুন সরকারের পাশে থাকবে, হাতে হাত রেখে কাজ করা হবে। তবে, স্বার্থ বিঘ্নিত হলে জামায়াত তাদের দায়িত্ব পালন করবে। এই পাহারাদারির মাধ্যমে জাতিকে কাঙ্ক্ষিত গণতন্ত্রের রাস্তায় ওঠানো সম্ভব হবে।'
তিনি আরও বলেন, 'বিগত সরকারের শাসনামলে প্রাতিষ্ঠানিক সব কাঠামো প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। এগুলো ফিরিয়ে আনতে হলে সরকারি দলের দায়িত্ব বেশি। তাদেরকে মূল ভূমিকা রাখতে হবে।'
জামায়াতের আমির বলেন, 'দুনিয়ার সভ্য দেশগুলোর সংসদে কার্যকর এবং গঠনমূলক বিরোধী দল হিসেবে যে দায়িত্ব পালন করা হয়, সেই সংস্কৃতি বাংলাদেশে দেখতে চায় জামায়াত। সংসদে বিরোধী দল যেন তার ন্যায্য অধিকার, কথা বলার অধিকার পায়- সেটি নিশ্চিত করতে হবে।'
তিনি বলেন, 'সরকারি দল সুযোগ সৃষ্টি করলে আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের অধিকার সংরক্ষণ, জননিরাপত্তা নিশ্চিত ও সিন্ডিকেটের কবল থেকে জনগণকে রক্ষা করা সম্ভব হবে। এ ক্ষেত্রে জামায়াত সহযোগিতা করবে।'
তিনি আরও বলেন, 'অতীতে দেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবেশ ছিল না। সমবেত প্রচেষ্টায় সরকারি দল ও বিরোধী দল দায়িত্বশীল আচরণ করলে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এর কোনো বিকল্প নেই। তবে এই পরিবেশ ফিরিয়ে আনা সহজ হবে না। অনেক চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জ অর্জন করা সম্ভব করতে হলে সবার আন্তরিকতা থাকতে হবে।'
নির্বাচনের আগে জামায়াত জনগণের সামনে যেসব বিষয় নিয়ে কথা বলেছে বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান থেকে সবটুকু বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন শফিকুর রহমান। তিনি বলেন, 'সুদিনে কিংবা দুর্দিনে জামায়াত সব সময় জনগণের সঙ্গে থাকবে।'
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম, আ ন ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, হামিদুর রহমান আযাদ, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, সেক্রেটারি মতিউর রহমান আকন্দ প্রমুখ।
এছাড়া, সারাদেশে জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Tag:
আরো পড়ুন: