সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না বিএনপি: সালাহউদ্দিন

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না বিএনপি: সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫৬

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, 'বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না।'

মঙ্গলবার জাতীয় সংসদে শপথ পড়ার আগে সংক্ষপ্তি বক্তব্যে বিএনপির নির্বাচিত সব সংসদ সদস্যকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, 'আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। সংবিধানে এখনো এটাকে ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য কে, কে শপথ নেওয়াবেন, সেটার বিধান করতে হবে। এ ফরমটি সংবিধানে নেই (নীল)। ফরমটি তৃতীয় তফশিলে আছে (সাদা)।'

দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানাচ্ছেন বলে জানান সালাহউদ্দিন আহমদ।

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় এখন জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা। সে হিসেবে নির্বাচিতরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা।