জুলাই হত্যাকাণ্ড-হাদি খুনের বিচার নিশ্চিতের আহ্বান এনসিপি'র

জুলাই হত্যাকাণ্ড-হাদি খুনের বিচার নিশ্চিতের আহ্বান এনসিপি'র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ মার্চ, ২০২৬ ২২:২২

জুলাই হত্যাকাণ্ড ও শরিফ ওসমান হাদি খুনের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

সংস্কার বাস্তবায়নে সংসদ অধিবেশনে সংস্কার পরিষদ গঠন করে সদস্যদের শপথ নেওয়ার দাবি জানান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ। 

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, 'ফ্যাসিবাদের সব অপকর্মকে বৈধতা দেওয়া রাষ্ট্রপতিকে অভিশংসন করে আইনের আওতায় এনে বিচার করতে হবে।'

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, 'প্রতারণার আশ্রয় না নিয়ে সরকারকে অবশ্যই জুলাই সংস্কার পরিষদের শপথ নিতে হবে। যে রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের সব অপকর্ম ও জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিলেন, সেই রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে সংসদ শুরু হলে তা গ্রহণযোগ্য হবে না।'

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, 'জুলাইয়ের শহীদ ও আহতদের ঐতিহাসিক অর্জন রক্ষায় ঐক্যবদ্ধ থেকে গাদ্দারি ও প্রতারণার রাজনীতিকে বিতাড়িত করা হবে।'

জাতীয় যুবশক্তির আহ্বায়ক ও ইফতার মাহফিলের সভাপতি তারিকুল ইসলাম বলেন, 'যুবসমাজকে কর্মমুখী করতে বাংলাদেশের অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে। যুবশক্তির সাত দফা ইশতেহার বাস্তবায়ন করতে পারলে যুবসমাজ অর্থনীতিতে অভাবনীয় অবদান রাখতে পারবে।'

যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুবশক্তির সদস্য সচিব জাহেদুল ইসলাম, ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ হাসান, শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির প্রমুখ।