আওয়ামী লীগের মিছিল বের করায় গ্রেপ্তার ৫

আওয়ামী লীগের মিছিল বের করায় গ্রেপ্তার ৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ১৮:০৭

রাজধানীর শের-ই-বাংলা নগর এলাকায় মিছিল বের করায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হাসান আলী (৪৩), জিসান আহমেদ (৩৯), মো. রইসুল ইসলাম মানিক, মো. ফারুক ইসলাম (৩৬) আশিক মোহাম্মদ (২৪)। তাদের মধ্যে হাসান আলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯টার দিকে আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে ১৫-২০ জনের একটি দল আকস্মিক মিছিল বের করে। মিছিলটি আইডিবি ভবনের সামনে পৌঁছালে টহলরত পুলিশ তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

শের-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, 'মিছিলের খবর পাওয়া মাত্রই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।'

তিনি বলেন, 'গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন সরকারি কর্মচারী রয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।'