সরকারি দল গণরায় মানছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় এনসিপির প্রথম জেলা ও মহানগর সাধারণ সভায় তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, 'তাদের পক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে, আর বিপক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে নয়; এমন দ্বিচারিতা আমরা আগে আওয়ামী লীগ আমলেও দেখেছি।'
তিনি বলেন, 'আওয়ামী লীগ যেভাবে সংসদকে কবজা করে সংবিধানকে দলীয়করণ করেছিল, একই প্রবণতা এখনকার সরকারি দলের মধ্যেও দেখা যাচ্ছে।'
সরকারের এ অবস্থান অব্যাহত থাকলে জনগণ আবার রাজপথে তাদের মতামত জানাবে বলে হুঁশিয়ারি দেন এনসিপি আহ্বায়ক।
তার ভাষায়, যদি এ প্রবণতা চলতে থাকে, জনগণ তাদের রায় আবারও রাজপথে জানাবে।
নাহিদ ইসলাম বলেন, 'এনসিপি শুধু সংসদেই নয়, রাজপথেও সক্রিয় থাকবে। আমরা রাজপথ থেকে সংসদে গিয়েছি, কিন্তু রাজপথকে ভুলে যাব না।'
সংস্কার, বিচার ও দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, 'এই সংগ্রাম দেশের সব জায়গার মতো নারায়ণগঞ্জেও চালিয়ে যেতে হবে।'
সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার, সদস্য সচিব জোবায়ের হোসেন (তামজিদ), কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের আহ্বায়ক মো. শওকত আলী, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী (অভি), সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা ছাত্রশক্তির সদস্যসচিব সারফারাজ হক সজীব, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ।
আরো পড়ুন: