গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি ঘোষণা

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬ ১৭:৫৫

আপডেট: ৭ এপ্রিল, ২০২৬ ১৭:৫৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। 

জরুরি বৈঠক শেষে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্য আয়োজিত সংবাদ সম্মেলনে একর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, 'আগামী ৯ এপ্রিল থেকে লিফলেট বিতরণ কর্মসূচি ও গণসংযোগ পালিত হবে। ১৩ এপ্রিল পর্যন্ত সারাদেশে এ কর্মসূচি পালিত হবে। এছাড়া ১১ এপ্রিল দেশের সব মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ কর্মসূচি। ১৩ এপ্রিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিটিউটে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।'

মামুনুল হক বলেন, 'দুর্ভাগ্যজনক ভাবে সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে নানা রকম ছলচাতুরি করছে। তারা সুস্পষ্টত মানুষের ম্যান্ডেটকে অপমাণ করেছে।'

তিনি বলেন, 'দায়িত্বশীল জায়গা থেকে বিরোধী দল চুপ থাকতে পারে না। ফ্যাসিবাদের এই প্রত্যাবর্তনকে আমরা রুখে দেব। আমরা গণভোটের রায় যেভাবে হোক কার্যকর করবো। আমরা এই দাবির পক্ষে অব্যাহত কর্মসূচি পালন করে যাব।'

এর আগে সকাল ১০টা থেকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বৈঠক করে নির্বাচনি ঐক্যভুক্ত ১১ দলের শীর্ষ নেতারা।