জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা খুবই দুঃখজনক: জামায়াত আমির

জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা খুবই দুঃখজনক: জামায়াত আমির
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ১১:১০

আপডেট: ১৯ এপ্রিল, ২০২৬ ১৭:২৭

দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা খুবই দুঃখজনক বলে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

জ্বালানির দাম বৃদ্ধির ঘোষণার পর পরই শনিবার রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, 'বিশ্ব বাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে রোববার থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক।'

ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, 'যেখানে বিশ্ব বাজারে তেলের দাম কমছে, সেখানে দেশের বাজারে এই মূল্য বৃদ্ধি কোনো ভাবেই যৌক্তিক হতে পারে না। এই সিদ্ধান্তের ফলে পরিবহন ভাড়া থেকে শুরু করে নিত্যপণ্যের দাম আরও বাড়বে, যা সাধারণ মানুষের কষ্টকে বহুগুণ বাড়িয়ে দেবে।'

ডা. শফিকুর রহমানের মতে, জনজীবনে এমনিতেই মানুষ জীবনযাত্রার ব্যয় নির্বাহে হাঁসফাঁস করছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এটি হবে মরার ওপর খাঁড়ার ঘা।

দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের বিক্রয় মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। তাতে দেখা গেছে, জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫-২০ টাকা পর্যন্ত বেড়েছে। এই মূল্য নির্ধারণ বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।