ডাকসু নেতা ও ছাত্রশিবিরের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

ডাকসু নেতা ও ছাত্রশিবিরের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ১০:৫০

রাজধানীতে ডাকসু নেতাদের ওপর হামলা এবং পাবনা ও কুমিল্লায় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৪ এপ্রিল) দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানার ভেতরে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী, সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের এবং নারী নেত্রী জুমার ওপর হামলার ঘটনা ‘দুঃখজনক ও অনভিপ্রেত’। তিনি দাবি করেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

তিনি আরও অভিযোগ করেন, একটি ভুয়া আইডি থেকে গুজব ছড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। সংশ্লিষ্ট শিক্ষার্থী তা অস্বীকার করার পর নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে জিডি গ্রহণ না করে তাকে আটকে রাখা হয়। পরে ঘটনাস্থলে আসা ডাকসু নেতাদের ওপর হামলা চালানো হয় বলেও তিনি উল্লেখ করেন।

পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

একই বিবৃতিতে তিনি জানান, পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের একটি মিছিলে হামলার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটেও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়।

তিনি বলেন, এসব ঘটনা শিক্ষাঙ্গনের পরিবেশের জন্য উদ্বেগজনক এবং সহিংসতা পরিহার করে সহাবস্থানের পরিবেশ বজায় রাখা জরুরি।

বিবৃতিতে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং সব পক্ষকে সংযত আচরণ করার আহ্বান জানানো হয়।