শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণ, বিএনপি নেতা বহিষ্কার

শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণ, বিএনপি নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ১৪:২৫

বিএনপির দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজশাহীর দুর্গাপুরের স্থানীয় নেতা আকবর আলীকে বহিষ্কার করা হয়েছে।

দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর এবং এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের ঘটনায় এ সিদ্ধান্ত নেয় দলটি। বৃহস্পতিবারের ঘটনার পর শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজে ভাঙচুর, শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ এবং সহিংস ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আকবর আলী দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে, ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী কলেজ অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে বিভিন্ন বিষয়ে বাকবিতণ্ডায় জড়ান বলে জানা যায়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রভাষক আলেয়া খাতুন হীরার ওপর শারীরিকভাবে আক্রমণের অভিযোগ ওঠে।

এরপর কলেজ অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষককে মারধর এবং অফিস কক্ষ ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে অধ্যক্ষ ও শিক্ষিকাসহ অন্তত পাঁচজন আহত হন এবং পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে কলেজ ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি করা হয়।